ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল সম্মিলিত ছাত্র ঐক্য।
শনিবার (৩০ আগস্ট) প্যানেলের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জান্নাতি বুলবুল এবং মাহমুদুল হাসান স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নুরুল হকের নুরের ওপর হামলা চব্বিশের অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে। অনতিবিলম্বে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। হামলার ফুটেজ রয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং সাদা পোশাকে কারা হামলা করেছে, ১২ ঘণ্টার মধ্যে তা চিহ্নিত করা সম্ভব। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে সরকারের তৎপরতা দৃশ্যমান নয়। বরং হামলায় জড়িতদের অপরাধ আড়াল করার চেষ্টা চলছে। সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কর্মকর্তাদের বক্তব্যে তাদের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। নুরুল হক নূরের ওপর হামলা সেই চক্রান্তের অংশ কিনা তা খুঁজে বের করা দরকার। প্রধান উপদেষ্টা কয়েকদিন আগেই বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল। তাহলে কারা নতুন করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তা খুঁজে বের করা সরকারের প্রথম কাজ।
জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোকে নিজেদের মধ্যে বিভাজন না বাড়িয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, নিজেদের ঐক্যবদ্ধ রাখতে না পারলে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে।
জয়ন্ত সাহা/সুমন