চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদল।
রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
বিক্ষোভ মিছিলে শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস, সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ছাত্রদের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে; ফ্যাসিবাদের দোসরেরা হুঁশিয়ার; ষড়যন্ত্র হয়নি শেষ সজাগ থেকো বাংলাদেশ’ প্রভৃতি স্লোগান দেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে আহমেদুল কবির তাপস বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের যেকোনো স্থানে ছাত্রসমাজের ওপর এ ধরনের আঘাত হলে শেকৃবি ছাত্রদল রাজপথে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলবে।’
সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবির বলেন, ‘চবিতে যে নৃশংস হামলা আমরা প্রত্যক্ষ করেছি সেটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ঘটনা নয়, বরং বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিরই প্রতিচ্ছবি। আমরা অবিলম্বে এ হামলায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই।’
বক্তারা আরও বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য সুসংহত করতে হবে। দেশের শিক্ষাঙ্গনে যারা অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে ছাত্রসমাজকে সতর্ক থাকতে হবে।’
আরাফাত রহমান/সুমন/