ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের বাকি আছে মাত্র কয়েক দিন। এখন শেষ মুহূর্তের প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। আশ্বাস-প্রতিশ্রুতি আর পাশে থাকার অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসের তুলনায় হলগুলোতে ছিল প্রার্থীদের ব্যাপক আনাগোনা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে লিফলেট-কর্মপরিকল্পনা নিয়ে হাজির হয়েছিলেন তারা।
শুক্রবার জুমার নামাজের পর প্রার্থীদের প্রচারণা শুরু হয়। শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়, করমর্দন এবং জড়িয়ে ধরে বিশ্ববিদ্যালয় ও হলের সংকট নিরসনে নিজেদের অঙ্গীকারের কথা বলেন তারা। ছাত্রদল, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, ছাত্রশিবির, প্রতিরোধ পর্ষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ সব প্যানেলের প্রার্থীরা নামাজ শেষে প্রচারণা শুরু করেন। অনেক প্রার্থীকে হলের কক্ষে কক্ষে গিয়ে পোস্টার, লিফলেট বিলি করতে দেখা যায়।
মাস্টার দা সূর্য সেন হলে জুমার নামাজ শেষে প্রচারণায় অংশ নেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের, ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবু সাদিক কায়েম, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আল সাদী ভূঁইয়া, বিপ্লবী ছাত্র পরিষদ সমর্থিত প্যানেল ভিপি আবদুল ওয়াহেদ।
সূর্য সেন হলে প্রচারণায় এসে শিক্ষার্থীদের যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের মনোনীত ভিপি প্রার্থী আবদুল কাদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানাব, শিক্ষার্থীদের ডাকসুমুখী করতে এবং ভোটে উৎসাহী করতে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, আপনারা সেটি করুন। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ে বলব, আপনারা আপনাদের যোগ্য প্রতিনিধি নির্ধারণ করুন, যেন কেউ শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’
এই একই হলে প্রচারণায় এসে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো এক্সিকিউটিভ প্ল্যান না থাকায় শতবর্ষে এসেও এই বিশ্ববিদ্যালয় সংকটমুক্ত হয়নি। আমরা শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সবার আগে কাজ করব। এ নিয়ে আমরা এক বছর আগে আমরা তাদের প্রস্তাবনা করেছি। আবাসন ভাতা, হোস্টেল ভাতাসহ আবাসিক সংকট নিরসনে এবং মানসম্মত খাবারের দাম সুলভ মূল্যে নিশ্চিত করা হবে।’
হাজী মুহাম্মদ মুহসীন হলে প্রচারণায় এসে জুমার নামাজ আদায়ের পর ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘আমরা যখন প্রচারে যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এত দিন পরে এসে মনে হচ্ছে, আসলেই সঠিক ছাত্ররাজনীতির চর্চাটা করছি। শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতা ও জবাবদিহির আওতায় ছাত্ররাজনীতি করছি।’
শিবিরকে ঠেকাতে ছাত্রদল, স্বতন্ত্র ও বাম সংগঠনগুলোর জোট হতে পারে বলে ফেসবুকে গুঞ্জন চলছে- এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। জানার সুযোগও নেই। প্রচারণা করতে গিয়ে এসব জানার সুযোগ হচ্ছে না। তবে এমন কোনো গুঞ্জন শুনে থাকলে তা ভিত্তিহীন। আমাদের প্যানেল কারও সঙ্গে জোট করবে না।’
শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রচারণায় এসে ডাকসুতে ছাত্রদল ম্যান্ডেট পেলে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বারী হামিম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমরা ইশতেহার নিয়ে কথা বলেছি। এর আগে আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে এই ইশতেহার তৈরি করেছি। আমরা প্রচারণায় এসে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। এর ধারাবাহিকতায় আমরা ১০০ দিনে কর্মপরিকল্পনা দিয়েছি। শিক্ষার্থীরা যদি তাদের ম্যানডেট দিয়ে আমাদের নির্বাচিত করেন, নির্বাচিত হওয়ার প্রথম ১০০ দিনে আমরা এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করব।’
ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিএস প্রার্থী মাহিন সরকার
ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের মনোনীত জিএস প্রার্থী মাহিন সরকার। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
‘মন্ত্রিপাড়া থেকে চাপ সৃষ্টি করে মাহিনকে সরানো হয়েছে’
মন্ত্রিপাড়ার চাপে প্যানেল থেকে জিএস পদে প্রার্থিতা প্রত্যাহার করতে মাহিন সরকার বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একসঙ্গে লড়াই করার জন্য আমরা সমন্বিত প্যানেল গঠন করেছিলাম। এই প্যানেল ঘোষণা করার আগেও আমাদের ভাঙার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলো, মন্ত্রিপাড়ার চাপ এবং দলীয় হস্তক্ষেপে মাহিন সরকারকে সরে দাঁড়াতে হলো।’
ডাকসু নির্বাচনে ভোটে প্রদানে শিক্ষার্থীদের আগ্রহী করতে কমিশনের সভা কাল
ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের ভোট প্রদানে আগ্রহী করতে এবং ভোটের সার্বিক দিকগুলো নিয়ে আগামীকাল রবিবার বিভাগ-ইনস্টিটিউটে সচেতনমূলক সভা করবে নির্বাচন কমিশন। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ ছাড়া ভোটের ফলাফল কেন্দ্রভিত্তিক ঘোষণা করা হবে বলে জানান তিনি।
শিবির সমর্থিত জিএস পদপ্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
শিবিরের মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ক্লাসে গিয়ে প্রচারণা চালিয়েছেন। এ প্রসঙ্গে ওই সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘ছবিটি আমার কাছে এসেছে, আমি এ বিষয়ে ব্যবস্থা নেব।’
সূর্য সেন হল সংসদের ছাত্রদলের ইশতেহারে বিজয় একাত্তর হলের সমস্যার বর্ণনা
বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হল সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্রদল মনোনীত প্যানেলের ইশতেহার বিজয় একাত্তর নামে আলাদা এক হলের বর্ণনা তুলে ধরা হয়েছে। এ বিষয়ে হল সংসদ প্যানেল থেকে মনোনীত ভিপি প্রার্থী মনোয়ার হোসাইন প্রান্ত খবরের কাগজকে বলেন, ‘এই সমস্যা প্রেসের জন্য হয়েছে। বিষয়টি চোখে পড়ার পরপরই সেগুলো সংশোধন করে ফেলা হয়।’