যেকোনো দল, মত ও আদর্শের যেই থাকুক, সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে বিজয়ী আবু সাদিক কায়েম। একই প্যানেল থেকে জিএস পদে বিজয়ী এস এম ফরহাদ বলেছেন, এটি শিক্ষার্থীদের বিজয়, ব্যক্তি ফরহাদের বিজয় নয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসু ভোটের ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক প্রতিক্রিয়ায় তারা এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কাছে আমানত রেখেছে, সেটি রক্ষা করা হবে। সবার সঙ্গে ভাইয়ের সম্পর্ক নিয়ে ডাকসুর কাজ পরিচালনা করা হবে। যেকোনো সমস্যা নিয়ে কাজ করব আমরা।’
তিনি বলেন, ‘শহিদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয় এই ডাকসু নির্বাচন। ভিন্ন দল, মত ও আদর্শের যেই থাকুক সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করা হবে। আবাসন, গবেষণাসহ সব বিষয় নিয়ে কাজ করা হবে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।’
জিএস এস এম ফরহাদ বলেন, ‘আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।’
তিনি বলেন, ‘সব শিক্ষার্থীর আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে। যে কয়দিন দায়িত্বে থাকব- সে কয়দিন যদি ভুল কিছু করি তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন শুধরে দেন।’
এ ছাড়া তাদের প্যানেল জয়ী হওয়া উপলক্ষ্যে কোনো বিজয় মিছিল করবে না বলেও জানান ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ফরহাদ
এবারের নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস এবং ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা।
ভিপি পদে শিবিরের নেতা মো. আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে বিজয়ী ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারি হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।
মেহেদী/