জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মওলানা ভাসানী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ও এজিএস (পুরুষ) প্রার্থী সাজ্জাদউল ইসলাম।
শেখ সাদী অভিযোগ করেন, ‘ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে জয়ী করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের ঘনিষ্ঠ একটি অখ্যাত প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ও ভোট গণনার ওএমআর মেশিন ক্রয় করে। এ নিয়ে বিতর্ক তৈরি হলে প্রশাসন ভোট গণনায় মেশিনের ব্যবহার বাতিল করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। কিন্তু একই প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যালট পেপার দিয়েই আজকের নির্বাচন চলছে।’
তিনি আরও দাবি করেন, শিবিরপন্থি শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠান থেকে আলাদা ব্যালট পেপার সংগ্রহ করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। পাশাপাশি ক্যাম্পাসের আশপাশে শিবিরকর্মীদের জড়ো হতে দেখা যাচ্ছে, যা অনাবাসিক শিক্ষার্থীদের ভোটদানে নিরুৎসাহিত করবে বলে আশঙ্কা প্রকাশ করেন সাদী।
আমানউল্লাহ খান/অমিয়/