জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পরাজয় আঁচ করেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আরিফ উল্লাহ দাবি করেন, দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রমাণসহ দেখানো হয়েছে যে, ভোট গণনার মেশিন যেই প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে, সেটি বিএনপির এক নেতার মালিকানাধীন।
আরিফ উল্লাহ জানান, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করছে। এটি আমাদের জন্য উদ্বেগজনক বিষয়। যেকোনো সময় পরিস্থিতি অবনতি হতে পারে। আমি আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, আমাদের বিরুদ্ধে ছাত্রদল গুজব ছড়াচ্ছে। আসলে নিশ্চিত পরাজয় জেনেই তারা ভোট বর্জন করেছে। আমরা চাই, নিয়মমাফিক ভোট গণনা ও ফল প্রকাশ করা হোক।
এর আগে বিকেল চারটার কিছু আগে মাওলানা ভাসানী হলের গেস্টরুমে সংবাদ সম্মেলন করে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। পরবর্তীতে অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি তিন শিক্ষক নির্বাচনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
এদিকে শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, কে ভোট বর্জন করবে, সেটা তাদের নিজস্ব বিষয়। তবে শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে যদি কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তাতে কিছু করার নেই। এ পর্যন্ত যতগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সবগুলোতেই ছাত্রদলের সম্পৃক্ততা পাওয়া গেছে।
সুৃমন/