জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসার শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জাকসু ও প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি।
তার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর শোক নেমে এসেছে। শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
জাবির চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জাকসু নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে সকালে সিনেটে এসেছিলেন জান্নাতুল ফেরদৌস। ওই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে কেন্দ্র করা হয়। ২১ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন।
ভোটগ্রহণের শুরুতেই হোঁচট খেতে দেখা জাকসুর নির্বাচন কমিশনকে। কোথাও ব্যালট পেপার না পৌঁছানোয় দেরিতে ভোট শুরু করতে হয়। আবার কোথাও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। একটি কেন্দ্রে ছিল না আঙুলে দেয়া অমোচনীয় কালিও।
এর আগে শিবির সমর্থিত প্যানেল বাদে নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন তফসিলের মাধ্যমে পুনর্নির্বাচনের চূড়ান্ত দাবি জানিয়ে জাকসু নির্বাচন বয়কট করেছে অন্যান্য প্যানেল।
আমানউল্লাহ খান/সুমন/