অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাফিস খন্দকার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলে থাকতেন। তিনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রূপনগরে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে নাফিসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১২টার দিকে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
সন্ধ্যায় কার্জন হলে নাফিসের জানাজা অনুষ্ঠিত হয়। উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জানাজায় অংশ নেন।
নাফিস খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, তার মৃত্যুতে দেশ একজন অমিত সম্ভাবনাময় তরুণকে হারাল। এ ধরনের মৃত্যু একটি পরিবার তথা জাতির জন্য অত্যন্ত দুঃখ ও বেদনার। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো আরেক শোকবার্তায় নাফিসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ছাত্রদল। এছাড়া শিবিরের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়।
আরিফ জাওয়াদ/নাঈম/