ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীনদের উদ্দেশ্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, সুন্দরভাবে দেশের দিকে তাকাও, সুন্দর দেশ উপহার দাও, তোমাদের মেধা নিয়ে এগিয়ে যাও।
শনিবার (২০ সেপ্টেম্বর)) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৪-২৫ বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঁচ অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তোমাদের দিকে তাকিয়ে আমার আশা জাগে। তোমরা এমন কিছু অর্জন করেছো যা আমরা বা আমাদের বন্ধুরা, আমাদের সহকর্মীরা পারিনি। তোমরা তোমাদের নিজেদের তৈরি করেছো, তাই বলছি, হারিয়ে যেও না।’
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যখন আপনারা শিক্ষাদান করবেন, তখন আপনাদের মনে রাখতে হবে, আপনার সামনে যে ছাত্রটি বসে আছে, আপনিও একদিন তাদের মতোই এই বেঞ্চে বসে ছিলেন। আপনাদের যতটুকুই ক্ষমতা থাক, আপনারা সাধ্যমতো দেবার চেষ্টা করবেন।’
ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অতিথি, নবীনদের ফুল ও ব্যতিক্রম সাহিত্য সংসদের গানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তথ্য সংবলিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এ সময় গুচ্ছ ভর্তি পরীক্ষায় 'এ’ ইউনিটে সপ্তম স্থান অধিকারকারী মাহমুদ মোস্তাক ফরহাদ ও ‘বি’ ইউনিটে তৃতীয় স্থান অধিকারকারী হাসনাত মাওলা চৌধুরীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অধ্যাপক ড. রোকসানা মিলি, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক- কর্মকর্তা ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাসহ সহস্রাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম দিনের নবীনবরণ অনুষ্ঠানের আহ্বায়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা এ বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। তোমরা অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছো। তোমাদের লক্ষ্য অর্জনে নির্ভীক চিত্তে নৈতিকতার সঙ্গে এগিয়ে যাবে দীর্ঘ এ পথচলা। ক্লান্ত হলেও তোমরা থামবে না।’
ইবি ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। যারা কঠোর পরিশ্রম করতে জানে না, তারা সফলতাকে ছুঁতে পারে না। তোমার ঘর হবে শ্রেণিকক্ষ, তোমার ভালোবাসার মানুষ হবে শিক্ষক, তোমার সবচেয়ে বড় সম্মানিত মানুষ হবে তোমার শিক্ষক এবং তোমার সবচেয়ে নিরাপদ ও জ্ঞানের চর্চার জায়গা হবে তোমার লাইব্রেরি। তোমার সময় কাটবে এই তিনটি অঙ্গনে। এর বাইরে সময় কাটালে তুমি ব্যর্থ হবে।
তিনি আরও বলেন, আমি যতদিন ভাইস চ্যান্সেলর হিসেবে আছি, আমার সব কাজ, আমার সব পরিশ্রম তোমাদের উদ্দেশ্যে নিবেদিত হবে। এর মাধ্যমে আমরা উন্নত বাংলাদেশ গড়ব।’