সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের দায়ে অভিযুক্ত এক শিক্ষার্থীকে আজীবন ও ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে ‘প্রহসনের বহিষ্কারাদেশ মানিনা মানব না’ স্লোগান দেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘গত বছরের নভেম্বরে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-একজনের ক্ষণিকের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে আমাদের কয়েকজনকে বহিষ্কার করা হয়, যা অনেক আগেই মীমাংসিত হয়ে যায় এবং জুনিয়র-সিনিয়র মিলে বিভিন্ন ইভেন্ট বা টুর্নামেন্টে অংশগ্রহণ করি। তারপর বিভিন্ন সমস্যায় সবাই একসাথে কাজ করেছি। সিনিয়র-জুনিয়র সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর হঠাৎ এক বছর পর প্রশাসনের এই রকম সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘জুনিয়রদের সঙ্গে বিষয়টি মীমাংসা করে প্রক্টর অফিসে আমরা জানিয়েছি এরপরও অন্যায়ভাবে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা এই প্রহসনের বহিষ্কারাদেশ মানিনা। অতি দ্রুত এই আদেশ প্রত্যাহার চাই।’
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ২৩৭ নং সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণ সাপেক্ষে পরিসংসখ্যান বিভাগের ১৩ জন ও অর্থনীতি বিভাগের ১২জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
ইসফাক আলী/সুমন/