রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণার সময় শেষ হচ্ছে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টায়। শেষ দিনের প্রচারণায় ক্যাম্পাসে প্রার্থী শিক্ষার্থীদের মধ্যে এক জমজমাট আমেজ তৈরি হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। এদিকে শেষ সময়ের প্রস্তুনি নিচ্ছে নির্বাচন কমিশন। ক্যাম্পাসে মাইকিং করে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা জানাচ্ছে প্রশাসন।
রাকসু নির্বাচনে ২৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলসহ মোট ১১টি প্যানেল ঘোষণা করা হয়েছে।
এছাড়া, সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন এবং ১৭টি হলে হল সংসদের ১৫টি পদের বিপরীতে মোট ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। তফসিল অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, রাকসু নির্বাচনের বিষয়ে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ১৬ তারিখ নির্বাচনকে সামনে রেখে মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন। আমরা নিরাপত্তার কথা মাথায় রেখে ৩ স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাখবো। এর বাইরে গোয়েন্দা সংস্থা কাজ করবে, প্রক্টোরিয়াল বডি কাজ করবে। এছড়াও শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় সবমিলিয়ে নির্বাচন উৎসবমুখর হবে বলে আশা রাখছি।
শাকিবুল হাসান/এসএন