বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে কলেজের প্রশাসনিক ভবনের দুই ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে তালা ঝুলিয়ে দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ৩২ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর থাকে ব্রজমোহন কলেজ। ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু গত ২৪ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারছে না বাকসু।
নির্বাচনের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ কর্ণপাত করছেন না। তাই বাধ্য হয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন তারা।
তারা বলেন, নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা ক্যামপাসে তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হন। যেকোনো সমস্যা সমাধান বা দাবি আদায় করতে হলে রাজপথে আন্দোলনে নামতে হয় তাদের। তাই ২০২৪ এর গণ-অভ্যুত্থানের পর বাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।
বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, বাকসু নির্বাচনের বিষয়ে কলেজ প্রশাসন অত্যন্ত আন্তরিক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতি ও গণতন্ত্র চর্চায় নির্বাচন হওয়া জরুরি। এরই মধ্যে আমরা একটি কমিটিও গঠন করেছি।
তারা নির্বাচনের বিষয়ে সার্বিক বিষয়ে সব মহলের সঙ্গে আলাপ আলোচনা করছেন। খুব শিগ্গিরই এ বিষয়ে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।
জানা গেছে, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ২২টি বিভাগে বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। প্রতিষ্ঠার পর থেকেই বিএম কলেজে নিয়মিত ছাত্র সংসদ বা বাকসু নির্বাচন হয়ে আসছিল। সবশেষ ২০০৩ সালে নির্বাচন হয় বিএম কলেজে। এরপর তৎকালীন সরকারের এমপি-মন্ত্রীদের সদিচ্ছার অভাবে আর নির্বাচন হয়নি।
মঈনুল ইসলাম/নাঈম