জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দুই দিনে মোট ৩১টি মনোনয়নপত্র বিক্রি করেছে নির্বাচন কমিশন।
রবিবার (১৬ নভেম্বর) খবরের কাগজকে নিশ্চিত করেছেন জকসু নির্বাচন কমিশনের সদস্য সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান।
তিনি বলেন, ‘সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহিদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে ৩১টি মনোনয়নপত্র শিক্ষার্থীরা সংগ্রহ করেন। তবে কারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
এবারের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়ন ফরম মূল্য ৩০০ টাকা এবং হল সংসদের ফরমের মূল্য ২৫০ টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ ও ১৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর বাছাই সম্পন্ন হবে। ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থিতা তালিকা প্রকাশ করা হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়া হবে এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২২ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ভোট গণনা ও ফল প্রকাশের কথা রয়েছে।