ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিভাগীয় ক্যাম্পাস হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এবার এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ঢাবির জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এ বছর ২ হাজার ৯৩৪ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৩৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টও অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আজকের পরীক্ষা উপলক্ষ্যে পুলিশ ট্রাফিকিংয়ের যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং বিএনসিসির সদস্যরা কাজ করছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ বা বিশৃঙ্খল কিছু ঘটেনি। এছাড়া প্রক্সির বিষয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস যৌথভাবে কাজ করছে।
শাকিবুল/নাঈম