দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্চনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে জাককানইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও এনটিভির প্রতিনিধি রোহান চিশতি স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান এবং সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায় ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল গোষ্ঠী শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে রাত পৌনে ১২টার দিকে তারা লাঠিসোটা নিয়ে প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। পরে তারা ডেইলি স্টারের অফিসের দিকে যায় এবং হামলা-ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। রাত পৌনে ৩টার দিকে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর প্রতিবাদ জানাতে ডেইলি স্টার ভবনের সামনে গেলে তাকে হেনস্তা করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদ্যির মৃত্যুতে জাককানইবি প্রেসক্লাব গভীরভাবে শোকাহত। কিন্তু ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একদল স্বার্থান্বেষী গোষ্ঠী গণমাধ্যম অফিসে হামলা ও একজন প্রবীন সম্পাদককে শারীরিকভাবে লাঞ্চিত করেছে, যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দেশের স্বাধীন সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকার ওপর সরাসরি ও সুস্পষ্ট আঘাত। এভাবে হামলার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ভূলুণ্ঠিত অর্থ করা এবং স্বাধীন মত প্রকাশে ভয়ের সৃষ্টি করা হচ্ছে। জাককানইবি প্রেসক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিবৃতি আরও বলা হয়, যারা কলমের শক্তিতে ভয় অয়ায়, তারাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এমন আচরণ গণমাধ্যমের কণ্ঠরোধের সামিল।
বিবৃতির মাধ্যমে জাককানইবি প্রেসক্লাব অবিলম্বে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা এবং সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও আইন অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) শরীফ ওসমান হাদি জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রাফি/মাহফুজ