জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবিরের শীর্ষ নেতৃত্বে আবারও এসেছেন জকসুর ভিপি ও জিএস। ২০২৬ সেশনের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন জকসুর জিএস আব্দুল আলীম আরিফ।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি। তিনি সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. রিয়াজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা দেন এবং শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে নবনির্বাচিত সভাপতির পরামর্শক্রমে আব্দুল আলীম আরিফকে সেক্রেটারি এবং মো. ইব্রাহীম খলীলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
জকসু এবং দলীয় পদ উভয় দায়িত্ব পালনের বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবনির্বাচিত সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘‘আমি যখন ভিপি হয়েছি তখনও সভাপতি ছিলাম, এখনও নতুন করে সভাপতি হলাম। এটা আমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা না। তবে আমি মনে করি আমাদের জন্য কাজ করা এখন সহজ হবে। আমাদের নতুন সাংগঠনিক সম্পাদক ডিপার্টমেন্টের টপার এবং খুব মেধাবী মানুষ। আমাদের পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট বডি গঠন হলে আশা করি আমরা জকসু এবং সংগঠন দুটি কাজই সফলতার সঙ্গে বাস্তবায়ন করতে পারবো।’’
কমিটির মেয়াদের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘‘সাধারণত ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সাংগঠনিক সেশন ধরা হয়। তবে এবার জকসু নির্বাচনের কারণে সেশন শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সেশনের কার্যক্রম চলমান থাকবে, তবে কেন্দ্র চাইলে যেকোনো সময় এর পরিবর্তন করতে পারে।’’
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে আব্দুল আলিম আরিফ নির্বাচিত হন।
মুজাহিদ/মাহফুজ