নানা নাটকীয়তার পর অবশেষে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন। আগের নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০ জানুয়ারি নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়। তবে শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন শাবিপ্রবি শিক্ষার্থীরা। তখন থেকেই নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
ইসফাক/এসজি/