রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (ডিআরএমসি) প্রাঙ্গণে বৃহস্পতিবার (৯ এপ্রিল) শুরু হয়েছে তৃতীয় ডিআরএমসি ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার-২০২৬। সকালে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন ইসলামি স্কলার অধ্যাপক মোখতার আহমেদ। এ উৎসবের মিডিয়া পার্টনার খবরের কাগজ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোখতার আহমেদ বলেন, ‘সৃজনশীলতা ও নৈতিকতার সমন্বয়ে একটি সমৃদ্ধ সমাজ গঠনে ইসলামি সংস্কৃতির চর্চা অপরিহার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। এবারের উৎসবের মূলমন্ত্র নির্ধারণ করা হয়েছে ‘হাইয়্যা আলাল ফালাহ’ (এসো কল্যাণের পথে), যা তরুণ প্রজন্মের মাঝে কল্যাণ ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস।’
প্রতিভার বিকাশে আয়োজিত এই বিশাল কর্মযজ্ঞে অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ৩২টি সেগমেন্ট রাখা হয়েছে। এতে দেশের শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।
প্রতিযোগিতার তালিকায় রয়েছে–কোরআন তিলাওয়াত, আজান ও নাশিদ, ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, ওয়াল ম্যাগাজিন ও স্ক্র্যাপবুক তৈরি, মেগা কুইজ, বেঙ্গল ও ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ অলিম্পিয়াড, বাইত আল হিকমাহ অলিম্পিয়াডসহ আরও ব্যতিক্রমী সব বিষয়।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে কলেজ মাঠে হয়েছে তিন দিনব্যাপী ইসলামি বইমেলা, যেখানে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনীগুলো তাদের সেরা সংগ্রহ নিয়ে হাজির হয়েছে। দর্শনার্থীরা একই ছাদের নিচে জ্ঞানতাত্ত্বিক ও সৃজনশীল প্রচুর বইয়ের সান্নিধ্য পাচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, ক্লাব সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, উৎসবের আহ্বায়ক সহযোগী অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাবের মডারেটর প্রভাষক ইবরাহিম আল মামুন।
আগামী শনিবার (১১ এপ্রিল) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি।
নতুন প্রজন্মের কাছে ইসলামের সুমহান ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দিয়ে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসব প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।