রাজধানীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অনার্স-মাস্টার্স শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান। তিনি তা’মীরুল মিল্লাতের ঐতিহ্যবাহী সাফল্য, জাতি গঠনে অবদান এবং ইসলামী স্কলার তৈরিতে এর ভূমিকার কথা তুলে ধরে শিক্ষার্থীদের যুগোপযোগী ও দ্বীনি জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে চলতি বছর অনার্স পর্যায়ে জিপিএ-৫ অর্জনকারী ১৪ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন সেশনে একাডেমিক জীবন, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ড. খলিলুর রহমান মাদানী একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে দৃঢ় থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের দীনের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসজি/