ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদন চলছে। আগ্রহী ভর্তিচ্ছুরা আগামী ২ জুলাই পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
জানা গেছে, এই প্রোগ্রামে ভর্তি হতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফরাসি ভাষা ও সংস্কৃতি বিষয়ে বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ ফরাসি ভাষায় ডিপ্লোমা/DELF B1 কিংবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকসহ ফরাসি ভাষায় অন্যূন ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন।
ভর্তি পদ্ধতি: আগ্রহী ভর্তিচ্ছুদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। গত ৩ মে থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ১০১ নং কক্ষে ৩ হাজার টাকা আবেদন ফি প্রদান সাপেক্ষে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সব সার্টিফিকেট এবং মার্কশিটের সত্যায়িত কপি জমা দিতে হবে।
প্রফেশনাল মাস্টার্সে ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার প্রোগ্রামে ভর্তিচ্ছুদের বসতে হবে ভর্তি পরীক্ষায়। আগামী শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ক্লাসের সময়: সপ্তাহে শুক্র ও শনিবার এবং অন্যান্য দিনে সান্ধ্যকালীন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারে প্রফেশনাল মাস্টার্সের শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে।
এমন ডিগ্রি খুলে দিতে পারে সম্ভাবনার দুয়ার: ফরাসি ভাষায় প্রফেশনাল স্নাতকোত্তর বহুমুখী সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক চাকরির বাজারে জাতিসংঘ, দূতাবাস, এনজিওসহ নানা সংস্থায় দোভাষী বা অনুবাদক হিসেবে কাজের সুযোগ। এর পাশাপাশি ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ ফরাসি ভাষাভাষী দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় এক অবশ্যম্ভাবী নিয়ামক হিসাবে কাজ করবে। পাশাপাশি পর্যটন ও আতিথেয়তা শিল্প, আন্তর্জাতিক সম্মেলন ও সাংস্কৃতিক বিনিময়ে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। এ ছাড়া ফ্রিল্যান্স অনুবাদ ও অনলাইন কাজে বৈদেশিক মুদ্রা আয়ের পথও খুলতে পারে।
উল্লেখ্য, সব আবেদনকারীদের অবশ্যই ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। নিবার্চনের সময় তাদের ফরাসি ভাষায় কথা বলার এবং লেখার দক্ষতার ওপর পরীক্ষা থাকবে। আগ্রহী ভর্তিচ্ছুরা যেকোনো প্রয়োজনে অফিস সময়ে +88029661920-73 Ext. 8521, +8801550-720869 নম্বরে যোগাযোগ করতে পরবেন। এ ছাড়া, আবেদনকারীরা ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি (https://du.ac.bd, https://iml.du.ac.bd) ওয়েবসাইটে ভিজিটের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।
আরিফ জাওয়াদ/নাঈম