বিশ্বফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। সম্প্রতি বাংলা নববর্ষ উপলক্ষে আশরাফুল হক হলের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয় ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’ প্রীতি ফুটবল ম্যাচ। গত ১৭ এপ্রিল বিকাল ৫টায় হলের মাঠে শুরু হওয়া এই ম্যাচকে ঘিরে পুরো হলে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
ম্যাচ শুরুর আগে থেকেই হলের মেসেঞ্জার গ্রুপ ও আড্ডায় চলে দুই দলের সমর্থকদের জমজমাট কথার লড়াই। মাঠের লড়াইয়েও তার প্রতিফলন ঘটে; যদিও এটি অপেশাদার ম্যাচ ছিল, তবুও খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণের তেজ ছিল পেশাদার পর্যায়ের। একই রুমের ঘনিষ্ঠ বন্ধুরা এদিন মাঠে একে অপরের তীব্র প্রতিপক্ষ হিসেবে অবতীর্ণ হন।
খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য দুই দলই মরিয়া হয়ে ওঠে। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক শেষ মুহূর্তে এক দুর্দান্ত গোলে লিড নেয় ব্রাজিল শিবির। শত চেষ্টা করেও আর্জেন্টিনা সমতায় ফিরতে না পারায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। তবে মাঠের সেই তীব্র লড়াই গড়ায়নি মাঠের বাইরে। খেলা শেষে বিজয়ী ব্রাজিলিয়ান বন্ধুর বিজিত আর্জেন্টাইন বন্ধুর কাঁধে হাত রেখে হলে ফেরার দৃশ্যটিই ছিল ম্যাচের প্রকৃত সৌন্দর্য।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘ বিরতির পর এমন আয়োজন হল জীবনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে এবং সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করেছে। হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মাদ আলম মিয়া এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পড়াশোনার পাশাপাশি এ ধরনের খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সামগ্রিক বিকাশে সহায়ক। অনুকূল পরিবেশে সামনে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও ব্যক্ত করেন তিনি।
লেখক: শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ