শিক্ষকতা যার কাছে কেবল পেশা নয়, বরং জীবন গড়ার নীরব সাধনা–তিনি ড. মো. আব্দুস সাত্তার। রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, দীর্ঘ ৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে ২০২৬ সালের ২৯ এপ্রিল অবসরে গেছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়ার বুড়াবুড়ি গ্রামে জন্ম নেওয়া এই কৃতী শিক্ষক ১৬তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তার শিক্ষকতা জীবনের ২৫ বছরই কেটেছে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিধারী এই গবেষক কেবল পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; বরং শিক্ষার্থীদের কাছে ছিলেন একজন অভিভাবক ও পথপ্রদর্শক। অসুস্থতা সত্ত্বেও ক্লাসে উপস্থিতি এবং শিক্ষার্থীদের প্রতি তার অকৃত্রিম মমতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নিজ এলাকায় শিক্ষা বিস্তারেও তার অবদান অনস্বীকার্য। ব্যক্তিগত জীবনে তার স্ত্রীও একজন অধ্যাপক এবং একমাত্র কন্যা রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী।
বিদায়লগ্নে তিনি কৃতজ্ঞতাভরে শিক্ষার্থীদের ভালোবাসাকেই জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে গণ্য করেছেন। পদ থেকে অবসর নিলেও ড. সাত্তার তার আদর্শ ও শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে এক আলোর পথপ্রদর্শক হিসেবে চিরকাল বেঁচে থাকবেন।
লেখিকা: শিক্ষার্থী, রাজশাহী কলেজ