জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি-২০২৬ ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন চ্যানেল২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিহাদুজ্জামান জিসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রোহান চিশতী।
শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ, জাককানইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাবিবুল্লাহ বেলালি মারুফ।
আরও উপস্থিত ছিলেন ঢাকা স্ট্রিমের প্ল্যানিং এডিটর জি এম মোস্তাফিজুল আলম, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সদস্য এবং প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যসহ অন্যান্য সদস্যরা।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি আমিরুল ইসলাম বাপন (দৈনিক অধিকার), যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত জাহান জুই (কান্ট্রি টুডে), সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম (দ্যা ঢাকা ডায়েরি), সহ-সাংগঠনিক সম্পাদক সাফিনা গাজী এমি (সংবাদ পরিক্রমা), দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক সানজানা আলম অর্পা (দৈনিক স্বদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক রিফায়েত আলম রাব্বি ( দ্যা নিউজ) এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. শাহাদাৎ হোসেন (ডিজিটাল দেশ রূপান্তর), মো. আবু তাহের (দেশকাল নিউজ), ইকবাল মাহমুদ ( দূরবীন নিউজ), ইশতিয়াক আহমেদ শ্রাবন (ফটোগ্রাফার)।
সভাপতি জিহাদুজ্জামান জিসান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘জাককানইবি প্রেসক্লাব কখনোই সত্য প্রকাশের প্রশ্নে আমরা কোনো আপস করবে না। সাংবাদিকতার মূল শক্তি হলো বস্তুনিষ্ঠতা, সাহস এবং দায়বদ্ধতা; সেই আদর্শ ধারণ করেই প্রেসক্লাব এগিয়ে যাবে। যেকোনো অন্যায়, অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে তথ্যভিত্তিক এবং নিরপেক্ষ অবস্থান নেওয়াই হবে আমাদের অঙ্গীকার। ব্যক্তি বা গোষ্ঠীর চাপ নয়, সত্য ও নৈতিকতাই হবে আমাদের পথচলার প্রধান ভিত্তি। আমি বিশ্বাস করি, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন ও মানবিক সমাজ গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।
নিজের অনুভূতি ব্যক্ত করে নবনিযুক্ত সাধারণ সম্পাদক মো. রোহান চিশতী বলেন, প্রেসক্লাবের নবনিযুক্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ ও আবেগাপ্লুত। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার একটি বড় অঙ্গীকার। আমি বিশ্বাস করি, সাংবাদিকতার মূল শক্তি হলো সততা, সাহস ও মানুষের কথা তুলে ধরার দায়িত্ববোধ। সব সদস্যকে সঙ্গে নিয়ে একটি প্রাণবন্ত, বস্তুনিষ্ঠ ও ঐক্যবদ্ধ প্রেসক্লাব গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সবার ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতাই হবে আমার পথচলার সবচেয়ে বড় প্রেরণা।
এরপর নবনির্বাচিত কমিটি বিকেলে শহিদদের শ্রদ্ধা জানিয়ে নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে। নির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
তাসনিম হক রাফি/অমিয়/