আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে শিক্ষার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ পরিবহন ব্যবস্থা গ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। যারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভাগের জন্য বাস সংখ্যা ও যাতায়াতের নির্দিষ্ট রুটও প্রকাশ করা হয়েছে।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২২ মে শুক্রবার সকাল ৮টায় জবি ক্যাম্পাস থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে পরিবহন পুলের বাসগুলো ছেড়ে যাবে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একটি করে বাস চলাচল করবে। অন্যদিকে চট্টগ্রাম ও রংপুর বিভাগে অতিরিক্ত চাহিদার কথা বিবেচনায় দুটি করে বাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনাগামী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘পদ্মা’ বাসটি পদ্মা সেতু ব্যবহার করে ফরিদপুর, মাগুরা ও যশোর অতিক্রম করে খুলনায় পৌঁছাবে। বরিশাল বিভাগের ‘তুরাগ’ বাস চলবে ভাঙ্গা, কাশিয়ানী, গোপালগঞ্জ ও পিরোজপুর রুট হয়ে।
রংপুর বিভাগের শিক্ষার্থীদের জন্য দুটি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে ‘অনির্বাণ-২’ বাসটি গাজীপুর ও গাইবান্ধা হয়ে গন্তব্যে যাবে। অপরদিকে ‘ধূমকেতু’ বাসটি বগুড়া, গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ী, দিনাজপুর ও সৈয়দপুর অতিক্রম করবে।
রাজশাহীমুখী শিক্ষার্থীদের জন্য ‘স্বপ্নচূড়া’ বাস ঢাকা, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে রাজশাহীতে পৌঁছাবে। একইভাবে চট্টগ্রাম রুটে দুটি বাস চলাচল করবে। এর মধ্যে ‘গোমতি’ বাস কুমিল্লা, হাজীগঞ্জ, রামগঞ্জ ও নোয়াখালী রুট অনুসরণ করবে এবং ‘উল্কা-৪’ বাস কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রামে যাবে।
সিলেট বিভাগের ‘আড়িয়াল’ বাসটি নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার অতিক্রম করবে। এছাড়া ময়মনসিংহগামী ‘প্রজন্ম’ বাস গাজীপুর, ভালুকা, ত্রিশাল ও নান্দাইল হয়ে গন্তব্যে পৌঁছাবে।
এদিকে পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে কিছু নির্দেশনাও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাসে ভ্রমণের সময় প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং বাসে ওঠার সময় তা প্রদর্শন করতে হবে। পাশাপাশি যাত্রাপথে চালক ও পরিবহন সংশ্লিষ্টদের নির্দেশনা অনুসরণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এসএন/