গ্রামীণ ব্যাংকের ৬৭তম জোনাল ম্যানেজার ও জোনাল অডিট অফিসার সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘শুদ্ধাচার পালন করি, সুন্দর কর্মপরিবেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী ৬৭তম অফিসার সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় দরিদ্র সদস্যদের মালিকানার এই ব্যাংককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সম্মেলনে অংশগ্রহণ করেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও একেএম সাজ্জাদ হোসেন, প্রধান কার্যালয়ের সব নির্বাহীসহ ৪০টি জোনের জোনাল ম্যানেজার ও জোনাল অডিট অফিসারগণ।
সম্মেলনে গোলটেবিল আলোচনায় দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের সকল জোন ও অডিট অফিসের বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়ন ও বাজেট প্রসঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, “প্রান্তিক পর্যায়ে গ্রামীণ ব্যাংকের বিস্তৃতি, প্রতিষ্ঠানটির প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস এবং নারীর ক্ষমতায়নকে সমুন্নত রেখে আমাদের সময়োপযোগী পরিকল্পনার মাধ্যমে অগ্রগতি নিশ্চিত করতে হবে।”
পরিচালক নাজনীন সুলতানা বলেন, “নতুনদের সুযোগ ও প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ ও অগ্রযাত্রায় আমাদের সবার সহযোগিতা অব্যাহত রাখতে হবে।”
ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, “বিগত ৫০ বছর ধরে দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং বৃহৎ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে আসছে গ্রামীণ ব্যাংক। পাশাপাশি এ বছর পূর্ণ হচ্ছে নোবেল বিজয়ের ২০ বছর। এই ঐতিহ্য ধরে রেখে শুদ্ধাচার পরিপালনের মাধ্যমে গ্রাহকসেবা বৃদ্ধি ও প্রতিষ্ঠানের উন্নয়নে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”
উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও সেবা ব্যবস্থাপনা) সৈয়দ মতিয়র রহমান বলেন, “সম্মেলন থেকে নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্তের বাস্তবায়ন মাঠ পর্যায়ে নিশ্চিত করতে হবে।”
উপ-ব্যবস্থাপনা পরিচালক (শাখা পরিচালনা ও পর্যবেক্ষণ) একেএম সাজ্জাদ হোসেন বলেন, “প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমকে আধুনিকায়নের জন্য আমাদের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিজ্ঞপ্তি/রিফাত/