মুন্সীগঞ্জে পৃথক মাদক ও অস্ত্র মামলায় আপন তিন ভাইসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে বিচারক কাজী আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- তিন ভাই মাকসুদ মিয়া, মো. রিয়াজ উদ্দিন ও শাহিন আলম। তারা কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া গ্রামের মৃত একলাস মিয়ার ছেলে। অপর আসামি জসিম উদ্দিন একই এলাকার মোহাম্মদ হোসেন এবং আসামি শামসূল আলম মৃত একে ফজলুল হকের ছেলে।
রায়ে আসামি সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিনকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতে বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন।
রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে হাজির ছিলেন। বাকি দুজন পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ মার্চ মায়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে নদীপথে পাচারকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজিপুরা ফেরিঘাটের রাস্তার মুখে আসামি জসিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ১ হাজার ১৫০ বোতল সিডাক্রসিন ইনজেকশন; শাহিন আলমের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ১ হাজার ১৫০ বোতল সিডাক্রসিন ইনজেকশন; সামছুল আলমের কাছ থেকে ছায় কেজি মাদক ক্রিস্টাল মেথ আইস; মাকসুদের কাছ থেকে ছয় কেজি মাদক ক্রিস্টাল মেথ আইস; রিয়াজ উদ্দিনের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করে। পরে এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে গজারিয়া থানায় পৃথক দুটি মামলা হয়।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় পৃথক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, রায়ের সময় তিন আসামিকে কারাগার থেকে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। এ সময় জামিনপ্রাপ্ত অস্ত্র মামলার দুই আসামি জসিমউদ্দিন ও শাহিন আলম আজ আদালতে হাজির হয়নি। আদালত পাঁচ আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
মহিউদ্দিন সুমন/জোবাইদা/অমিয়/