চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড়ধসের কারণে সৃষ্ট দূর্যোগে ৪৮টি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহারের প্রস্তুতি নিয়েছে। ৫৪টি হেলথ কমপ্লেক্স নাগরিকের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত নাগরিকদের মধ্যে বিতরণের জন্য ৬ হাজার প্যাকেট খাবার প্রস্তুত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নগর ভবনের কনফারেন্স রুমে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও দুর্যোগের কারণে চসিকের কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে।
জানা যায়, জনসাধারণের যানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দামপাড়াস্থ চসিকের বিদ্যুৎ বিভাগে চালু করা হয়েছে জরুরি কন্ট্রোল রুম। দুর্যোগ না কাটা পর্যন্ত এ কন্ট্রোল রুম ২৪ ঘন্টা জনগণের সেবায় কাজ করবে। কন্ট্রোল রুমের নাম্বর-০২৩৩৩৩৬৩০৭৩৯।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম খবরের কাগজকে বলেন, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, পাহাড়ধস থেকে জনগণের জানমাল রক্ষার্থে চসিকের প্রশাসক মো. তোফায়েল ইসলামের নির্দেশনায় কুইক রেসপন্স টিম গঠনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। দুর্যোগে ৪৮টি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া ৭টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিম গঠণ করা হয়েছে।
সূত্রমতে, চসিকের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের জন্য ৭টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা জনগণকে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নেওয়া এবং তাদেরকে ত্রাণসামগ্রী, প্রয়োজনীয় খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের টিম কাজ করছে। এছাড়া অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় ঔষুধ মজুদসহ ৩টি জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি চসিকের ৫৪টি হেলথ কমপ্লেক্স নাগরিকের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
ক্ষতিগ্রস্থ জনসাধারণের জন্য ৬ হাজার প্যাকেট খিচুড়ি, ১ হাজার প্যাকেট শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, জরুরি ঔষধ, এম্বুলেন্সসহ পর্যাপ্ত যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। কোথাও কোন দুর্ঘটনা ঘটলে সেখানে জরুরি কুইক রেসপন্স টিম উদ্ধার কাজসহ যাবতীয় সকল কার্যক্রম পরিচালনা করবে।
এদিকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে নাগরিকদের সরে যেতে বৃহস্পতিবার দুপুর থেকে রেড ক্রিসেন্টের সহযোগিতায় চসিকের কর্মীরা দুর্যোগপূর্ণ ওয়ার্ডগুলোতে মাইকিং শুরু করেছে।
আবদুস সাত্তার/এমএ/