সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল কোথায় আছেন? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যমতে, তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় আছেন।
গত শুক্রবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তাকজিল খলিফা আগরতলা রাজবাড়ীর পাশের একটি জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছেন। সন্ধ্যায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তিনি আগরতলার স্মার্টবাজার নামে একটি সুপারশপে ঢুকছেন। তার কাঁধে একটি ব্যাগ রয়েছে।
একটি সূত্র জানায়, তাকজিল খলিফা আগরতলা সীমান্ত এলাকার রামনগর নামে একটি এলাকায় বসবাস করছেন। এখানে তিনি একাই আছেন। বাংলাদেশ থেকে পূজা দেখতে যাওয়া পরিচিতজনদের সঙ্গে দেখা হলে তিনি কুশল বিনিময়ের বাইরে তেমন কিছু বলছেন না।
তাকজিল খলিফা ৫ আগস্ট রাত থেকেই পলাতক রয়েছেন। ওই দিন তার রাধানগরের বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। এর পর থেকে তিনি গ্রামের বাড়ি সদর উপজেলার কোড্ডায় অবস্থান নেন। তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার পর ভারতে পালিয়ে যান।
তাকজিল খলিফার ঘনিষ্ঠ সূত্র জানায়, একাধিকবার চেষ্টার পর তিনি কসবা উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান। ঈদে মিলাদুন্নবীর দিন তিনি অবৈধ পথে ভারত যান। সূত্রটির দাবি, ৫ আগস্ট বাড়ি থেকে পালানোর সময় তিনি পাসপোর্ট নিতে পারেননি। তার পাসপোর্টটি পুড়ে যায়।