চট্টগ্রামে উলামা-জনতা ঐক্য পরিষদের ব্যানারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকেল চারটায় নগরীর জামালখানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
এতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য দেশপ্রেমিক আলেম ও নাগরিকদের গুম-খুনের মূল কারিগর, পিলখানা গণহত্যার খলনায়ক উল্লেখ করে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধের দাবি জানানো হয়।
মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা জিহাদ ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কায়্যুম ফতেহপুরী, সাকিব আল মামুন, আইমান কাসির, চৌধুরী আবির হাসান, হাফেজ আব্দুল্লাহ নোমান ও শোয়াইব আব্দুল্লাহ।
তারা বলেন, ‘এই দেশে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বের দরবারে ইসলামকে জঙ্গিবাদের উৎপত্তিস্থল সাজাতে প্রথম আলো ও ডেইলি স্টার এককভাবে ভুমিকা রেখেছে। ইসলামী সংগঠনগুলোর সমাজসেবামূলক, মানবিক কর্মকাণ্ডগুলো কখনো তাদের পত্রিকায় প্রকাশ হয়নি। শুধু ফ্যাসিস্টদের পক্ষে মিথ্যা দালালি করেছে। বিশেষ করে ১/১১ ঘটিয়ে হাসিনা সরকারকে ক্ষমতায় এনেছে তারা।’
আমরা মনে করি, ‘প্রথম আলো এবং ডেইলি স্টার থেকে যাওয়া মানে দেশে শেখ হাসিনার প্রেতাত্মা ঘুরে বেড়ানো এবং অগণিত ছাত্র-জনতার তাজা রক্তের সাথে গাদ্দারি করার শামিল। সুতরাং আমাদের দাবি হচ্ছে, অবিলম্বে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো ভারতীয় পেইড প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করতে হবে। একইসংঙ্গে তাদের বিচারের মুখোমুখি করে ভবিষ্যতে এমন জীবন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অন্তরায় নিশ্চিত করতে হবে এবং দেশকে কলঙ্কমুক্ত করতে হবে।’
মেহেদী/অমিয়/