লক্ষ্মীপুরে সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীদের উদ্যোগে চালু হয়েছে ন্যায্যমূল্যের বাজার। কম মূল্যে পণ্য পেয়ে ভিড় করছেন ক্রেতারা। গতকাল রবিবার সকালে শহরের তিতাখাঁ মসজিদের সামনে এই বাজার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে ন্যায্যমূল্যের এ বাজারের সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষার্থীরা।
বাজারে গরুর মাংস, ডিম, আলু, কচু, বেগুন, লাউ, পেঁয়াজ, কাঁচা মরিচ, শসা ও বিভিন্ন ধরনের শাক বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারের তুলনায় কেজিতে কিংবা পণ্যভেদে শাকসবজিসহ নিত্য ব্যবহার্য দ্রব্যের দাম এখানে ৫ থেকে ২০ টাকা কম। বিশেষ করে গরুর মাংস বিক্রি হয়েছে ৬৭০ টাকা। অথচ বাজারে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।
এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে খানিকটা কম দামে পণ্য পেতে এ বাজারে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মাঝে মধ্যস্বত্বভোগীদের কোনো জায়গা না রেখে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য তুলে দেওয়ার জন্য রবিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এটি জেলার ৫টি উপজেলার প্রত্যেকটি বাজারে এই কার্যক্রম চালু করা হবে।
আয়োজকদের ভাষ্য, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তারা এই বাজারের কার্যক্রম চালিয়ে যেতে চান। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই বাজার চলবে। বাজারে সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীরা এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ছাত্র সমন্বয়করা।
এ সময় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট সৃষ্টি করতে যেন না পারে, সেই দিকে জেলা প্রশাসনের নজর রয়েছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে ন্যায্যমূল্যের এই বাজারের সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষার্থীরা। এটি একটি ভালো উদ্যোগ। পুরো জেলায় এটি ছড়িয়ে দিতে প্রশাসন সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।