চাঁদপুরে আধুনিক নৌবন্দর নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত ১২৭ পরিবার ও ব্যবসায়ীকে ক্ষতিপূরণ হিসেবে তিন কোটি ২৭ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে শহরের মাদ্রাসা রোডের দারুল উলুম মাদ্রাসা মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ কাজে সহায়তা করে সোশ্যাল এনজিও।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশব্যাপী ব্রিটিশ আমল থেকে চাঁদপুর নদী বন্দরের সুনাম রয়েছে। আশপাশের মানুষের জন্য এই লঞ্চ টার্মিনাল অনেক গুরুত্বপূর্ণ। এটি দৃশ্যমান বিষ্ময়কর একটি টার্মিনাল হবে। যারা টাকা পাবেন তারা নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিবেন। এর ব্যতয় হলে তিন দিনের মধ্যে খালি করা হবে। একই জায়গার জন্য আপনারা দুইবার ক্ষতিপূরণ পেলেন। এই টার্মিনাল হলে এর সুফল আপনারাই ভোগ করবেন। কক্সবাজারের মতো চাঁদপুরে একটা রিভারড্রাইভ নির্মাণ হবে। এখানে পর্যটনের জন্য রিসোর্ট তৈরি হবে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের উদ্দেশ করে ডিসি বলেন, আগামী ২০২৫ সালের আগষ্ট মাসে কাজ শেষ করতে হবে।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. ফরহাদুজ্জামান, চাঁদপুর পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তীসহ বিশিষ্টজনেরা।
প্রকল্প পরিচালক আইয়ুব আলী জানান, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের চেক প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে বর্তমান স্থান ত্যাগ করতে হবে।
ফয়েজ/নাবিল/এমএ/