আগামী বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংস্কার আসছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ‘বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ শিক্ষায় একাডেমিক পারফরম্যান্সের ওপর ক্লাসে অনুপস্থিতির প্রভাব: সরকারের ওপর একটি অধ্যয়ন’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে উপাচার্য আরও বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য প্রাথমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার দরকার। দেশের মানবসম্পদের উন্নয়নের জন্য প্রথমে এই দুটি সংস্কার করতে হবে। তবেই উন্নত দেশগুলোর মতো উন্নত হতে পারবে আমাদের দেশের মানুষ। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বেশ কিছু পরিবর্তন আসছে। পাশাপাশি অনার্স কোর্সের সঙ্গে একটা বাধ্যতামূলক কারিকুলাম শিক্ষা চালু করতে যাচ্ছি।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজে উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সামসুল হক, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর, পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া ও জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুল ইসলাম।
এনায়েত করিম/নাবিল/এমএ/