কিশোরগঞ্জের ভৈরবে দুই কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহসড়কের জগন্নাথপুর এলাকায় ব্রহ্মপুত্র সেতুর পূর্বপ্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই কাভার্ডভ্যান রেখে পালিয়ে যান চালক। এ সময় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহতরা হলেন- অটোরিকশাটির চালক শাহিন ও যাত্রী রাজন। তারা উভয়েই নরসিংদীর পিরিজকান্দি এলাকার বাসিন্দা। নিহত তিন নারী হলেন- কটিয়াদী উপজেলার কুরিখাই গ্রামের মজলু মিয়ার স্ত্রী সহুরা খাতুন (৬২), কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগতচর গ্রামের হালিমা খাতুন (৬০)। তারা দুজন আপন বোন ও কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগতচর গ্রামের দুদু মিয়ার মেয়ে। অন্যজন হলেন- কুলিয়ারচর উপজেলার জগৎচর খলাকুপা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী শাহানা (৬০)।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি পিকআপভ্যান নরসিংদীর নীলকুঠি থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটিও ভৈরবের দিকে যাচ্ছিল। পথে পিকআপভ্যানটি জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি কাভার্ডভ্যানের মুখোমুখি হয়ে যায়। ওই সময় অটোরিকশাটি দুটি পিকআপভ্যানের মাঝে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক পুরুষ ও তিন নারী যাত্রীর মৃত্যু হয়।
ওসি জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে দুই চালকই পলাতক। এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অমিয়/