মহান বিজয় দিবস উপলক্ষে পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর দায়ে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তফা আলী খান পাবনার চরতারাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়নের টাটিপাড়া মুজিব বাঁধের ওপর ৩০০-৪০০ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীর জন্য কয়েক ডেকচি খিচুড়ি রান্না করা হয়। সেখানে নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করা হয়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়।
সঞ্জয় কুমার সাহা বলেন, ‘রাতে মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো হচ্ছিল। সেখানে বেশ কিছু আওয়ামী লীগের লোকজন দলীয় প্রচারণা চালাচ্ছিল, এমন অভিযোগে আমরা তাকে আটক করি। এরপর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাই।’
পার্থ/সুমন/