কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ওই মুক্তিযোদ্ধার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, তবে নিরাপদ আছেন। যারা এ কাণ্ড ঘটিয়েছেন আমরা তাদের শনাক্ত করতে পেরেছি এবং আটকের চেষ্টা অব্যাহত আছে।’
হেনস্থার পর থেকে আবদুল হাই কানু ফেনীতে তার মেয়ের বাড়িতে রয়েছেন বলে জানা গেছে।
এর আগে, গতকাল রবিবার দুপুরে হেনস্থার পর নিরাপত্তাহীনতার কারণে বিকেলে গোপনে ফেনীতে মেয়ের বাড়িতে চলে যান তিনি।
এদিকে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী।
তিনি বলেন, ‘যারা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে অপমান করেছে আমরা তাদের বিচার ও শাস্তি দাবি করছি। না হয় আমরা মুক্তিযোদ্ধারা কর্মসূচির ঘোষণা দেব।’
জহির শান্ত/সুমন/