চাঁদপুরে আইফোন থার্টিন প্রো কিনতে এসে মাদারীপুরের তিন যুবককে মারধর, ছুরিকাঘাত করে টাকা-পয়সা নিয়ে গেছে প্রতারকচক্র।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের চাঁদপুর প্রেস ক্লাব ঘাটের গুরুরচরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান।
আহতরা হলেন- শহরের ব্যাংক কলোনির শফিকুল ইসলামের ছেলে আফনান (১৮), মাদারীপুরের কালিকিনি থানার শিকির মঙ্গল গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আল আমিন (২৪), সোলায়মান মিয়ার ছেলে রাহাত (১৮) ও জিয়াউর রহমানের ছেলে আরাফাত হাসান জিহাদ (১৮)।
এর মধ্যে আফনানের পেটে ছুরিকাঘাত করায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, চাঁদপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইফোন থার্টি প্রো বিক্রি করার একটি বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনটি দেখেন মাদারীপুরের আল-আমিন। পরে মঙ্গলবার সকাল ৮টায় মোটরসাইকেলে চাঁদপুরের উদ্দেশে রওনা হয় তিন বন্ধু আল-আমিন, রাহাত ও জিহাদ। দুপুর ১২টায় শহরের কালীবাড়িতে এসে পৌঁছান তিন বন্ধু। তাদেরকে প্রতারকচক্রের সদস্যরা নিয়ে যায় চাঁদপুর প্রেস ক্লাব ঘাটের গুরুরচরে। সেখানে প্রতারকচক্রের সদস্যরা ছুরি দিয়ে আঘাত করে তাদের টাকা-পয়সা নিয়ে যায়। এতে আফনান গুরুতর আহত হন। পরে পুলিশের উপস্থিতি টের পেলে প্রতারকরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই তিন বন্ধু বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
মাদারীপুরের আল-আমিন, রাহাত ও জিহাদ জানান, আফনান প্রতারকচক্রের সদস্যদের সঙ্গে ছিল। তাদেরকে ছুরি দিয়ে আঘাতের সময় তা আফনানের পেটে লাগে। তাদের কাছ থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা নিয়ে গেছে। প্রতারকরা ১৭-১৮ জন ছিল। মোটরসাইকেলটিও নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ আসায় নিতে পারেনি।
হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান জানান, আফনানের পেটের অনেকটা ভেতরে ছুরি ঢুকে গেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে মাদারীপুরের ৩ যুবক পুলিশ হেফাজতে রয়েছে। তবে প্রতারক কিশোরদের আটকের চেষ্টা করা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফয়েজ আহম্মেদ/জোবাইদা/অমিয়/