রোগীসহ ডাকাতির খপ্পরে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স। এসময় ডাকাতরা রোগীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে অ্যাম্বুলেন্সটি ভাংচুর করে। এতে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে পড়েছে।
বুধবার (০৮ জানুয়ারি) রাত ২টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দায় এ ডাকাতির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. রায়হান ইসলাম শোভন জানান, গতকাল বুধবার রাতে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি অ্যাম্বুলেন্স করে হার্ট অ্যাটাকের এক রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছিল রোগীর স্বজনরা। রাত ২টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দায় পৌঁছালে একদল ডাকাত অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে চালক ও রোগীর স্বজনদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। ডাকাতি শেষে অ্যাম্বুলেন্সের তিনটি গ্লাস ভেঙ্গে ফেলে এবং অন্যান্য ক্ষতি করে।
তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হওয়ায় হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
বাদল সাহা/মাহফুজ