চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুংয়ের ৮ ও ৯ নং ওয়ার্ডের খালের পূর্ব পাড়ের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ির সড়কের বিবিরহাট বাস স্টেশনের এ মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, এই রাস্তাটি এলাকার সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবীদের। বিশেষ করে বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলাচল একেবারেই দুরুহ হয়ে পড়ে। এর আগে এলাকাবাসীর উদ্যেগে বার বার সংস্কার করা হয়েছে। কিন্তু সরকার বা পৌরসভার পক্ষ থেকে সংস্কার করা হয়নি।
তারা আরও জানান, এ সড়ক ব্যবহার করে ফটিকছড়ি থেকে কাঞ্চননগর ইউনিয়নে যাতায়াত করা হয়। এখন পৌরসভা এলাকা পর্যন্ত সংস্কার করা হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর বিবির হাট বাজার থেকে উত্তর ধুরুংয়ের ৯ নং ওয়ার্ডে যাওয়া সড়কটিতে খানা খন্দের সৃষ্টি হয়েছে। রাস্তার মাঝখানে গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিক সলিং উঠে গেছে তাই পায়ে হাটাও যাচ্ছে না। রিকশায় যাত্রী উঠলে তারা অসুস্থ হয়ে যাচ্ছে ঝাঁকুনিতে।
বোরহান উদ্দিন শাহ মাজার গেইট থেকে প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দিয়ে গাড়ি চলা দুরে থাক পায়ে হাঁটাও যায় না। অথচ দেশের অলিগলি উন্নয়ন হচ্ছে। কিন্তু সংস্কারের নজর পড়ে না এ রাস্তায়।
বক্তারা বলেন, ‘বহুবার কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এলাকাবাসীকে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধনে দাঁড়াতে হয়েছে।
স্থানীয় শিক্ষক শহিদুল আলম বলেন, ‘দুরের কেউ এ গ্রামের মানুষের সঙ্গে আত্মীয় করতে চায় না কারণ ঘরবাড়ি দেখতে এসে সড়ক দেখে আত্মীয় করার আগ্রহ দেখায় না। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই।’
ব্যবসায়ী আকতার হোসেন বলেন, ‘অনেক জনপ্রতিনিধিকে আমরা অতীতে বিজয়ী করেছি। কিন্তু তারা আমাদের রাস্তার উন্নয়ন না করে এলাকাবাসীর সঙ্গে প্রতারণা করেছে।’
ফটিকছড়ি পৌরসভা বিএনপি নেতা আবদুল মাবুদ মুন্সি বলেন, অতি দ্রুত এই রাস্তার সংস্কার কাজ শুরু করা হোক। যাতে জনগণের দুর্ভোগ লাঘব হয়।
মাস্টার রাশেদুল আলম বলেন, ‘আমরা আর প্রতিশ্রুতি চাই না। এবার বাস্তবায়ন চাই।’
৮ ও ৯ নং ওয়ার্ড রাস্তা সংস্কার ও উন্নয়ন কমিটির আহ্বায়ক আজিজুল হক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাসুদ, ব্যবসায়ি সেলিম উদ্দিন ও মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
এ দিকে মানববন্ধনে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক উপস্থিত হয়ে উত্তর ধুরুং রাস্তাটিতে প্রায় এক কোটি টাকা বরাদ্ধ দেওয়ার আশ্বাস দেন। আগামী কয়েক মাসের মধ্যে এ সড়কের উন্নয়ন শুরু করার আশ্বাস দেন তিনি।
সুমন/