শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে চোরাইপথে আনা ১৯৫ বস্তায় পাঁচ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে ভোরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের পশ্চিম পাশের একটি মাঠ থেকে এসব জিরা জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, নাকুগাঁও গ্রামের পাহাড়ি এলাকা দিয়ে চোরাইপথে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নাকুগাঁও মাঠে জিরা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিরার বস্তাগুলো জব্দ করে হাতিপাগার ক্যাম্পে নিয়ে আসে।
এ ছাড়া একই দিন নালিতাবাড়ীসংলগ্ন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের কচুয়াকুড়া এলাকা থেকে ৮৩৩ কেজি ভারতীয় জিরা এবং একই উপজেলার আইলাতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের বুটিয়াপাড়া এলাকা থেকে ২১ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট ব্লেড জব্দ করে।
বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, 'ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।'
শাকিল মুরাদ/জোবাইদা/