চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে নগর পুলিশ। অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, অভিযানে বন্দর থানায় একজন, আকবরশাহ্ থানায় আট, হালিশহর থানা দুই, ইপিজেড থানায় এক, কোতোয়ালি থানায় দুই, চান্দগাঁও থানায় এক, পাঁচলাইশ মডেল থানায় দুই, বায়েজিদ বোস্তামী থানায় দুই, সদরঘাট থানায় এক, ডবলমুরিং মডেল থানায় তিন, কর্ণফুলী থানায় এক, চকবাজার থানায় এক, খুলশী থানায় এক, পাহাড়তলী থানায় এক, পতেঙ্গা মডেল থানায় এক, বাকলিয়া থানায় এক আসামি গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।