ময়মনসিংহে পিকআপ ভ্যানে করে বিদেশি মদ নিয়ে যাওয়ার সময় ২৫৩ বোতল মদ জব্দ করেছে র্যাব। একই সঙ্গে গাড়িটি জব্দ করে চালককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া এলাকা থেকে বিদেশি মদগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইয়াছিন (২৬)। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমুসচূড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, শেরপুর ও নেত্রকোনা থেকে আসা বিভিন্ন যানবাহনে র্যাব সদস্যরা টানপাড়া এলাকায় তল্লাশি চৌকি (চেকপোস্ট) চালাচ্ছিলেন। এ সময় শেরপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ওই পিকআপ ভ্যান র্যাবের তল্লাশি চৌকিতে না থেমে বেপরোয়া গতিতে অতিক্রম করে। পরে পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাওয়া করলে গাড়ি থামিয়ে এক মাদক কারবারি পালিয়ে গেলেও চালককে আটক করা হয়। এ সময় গাড়ি তল্লাশি করে ২৫৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।
তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন যাবৎ চোরাইপথে ভারত থেকে অবৈধভাবে মদ এনে ঢাকার বিভিন্ন বারে সরবরাহ করছিল। পিকআপ ভ্যানের চালকের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
মিন্টু/মেহেদী/