ফরিদপুরের মধুখালি ও আলফাডাঙ্গায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় বৃদ্ধার মৃত্যু ও ৭ দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী পূর্বপাড়া রফিক মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় ঘরে নামাজরত অবস্থায় ছমিরন বেগম (৯০) আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা এ সময় ৯৯৯ নাম্বারে ফোন করে। পরে খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া বলেন, 'গত রাতে বৃদ্ধা ছমিরন বেগম নামাজরত ছিলেন বাড়িতে একা। অন্য লোক না থাকায় আগুনের বিষয়টা বৃদ্ধা ছমিরন বেগম বুঝতে পারেননি। আর এজন্যই তিনি কিছু না বোঝায় আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।'
এ ব্যাপারে মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আমরা তদন্ত করছি, বিস্তারিত জানা যাবে।
অপরদিকে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেল বানা বাজারে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানা বাজারে প্রাইমারি স্কুল মাঠের সামনে খালপাড়ের দোকানগুলো থেকে আকস্মিক আগুন লেগে আশপাশের মুদি দোকানসহ সাতটি দোকানঘর ও দোকানের ভেতরের মালামালসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে।
সংবাদ পেয়ে আলফাডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে বিস্তারিত এখনো জানা যায়নি।
সঞ্জিব দাস/জোবাইদা/