কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ী সুমনকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা সুমনের মাদক ব্যবসা বন্ধ করে তাকে আইনের আওতায় আনার দাবি জানান।
সোমবার (১০ মার্চ) দুপুরে কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া সমাজ কল্যাণ পরিষদ ও স্থানীয় যুব সমাজের যৌথ আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপস্থিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সুমন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সমাজের শৃঙ্খলা ভঙ্গকারী। তারা জানান, সুমনের মাদক ব্যবসার প্রতিবাদ করায় সে ও তার সহযোগীরা স্থানীয় মসজিদের প্রস্রাবখানা এবং আশপাশের কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে। এমনকি সুমন কয়েকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছে বলে তারা জানান।
এ বিষয়ে সুমন জানান, আমি শুধু আমার শ্যালকের ক্রয়কৃত জায়গায় মাটি ভরাট করেছি, কোনো ধরনের সামাজিক শৃঙ্খলা নষ্ট করিনি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, কিং ছুপুয়া গ্রামের বাসিন্দারা সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জহিরুল/তাওফিক/