এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘কমপ্লিট শাটডাউনে’ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেটের সকল মেডিকেল কলেজের আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে এ কর্মসূচির পালন করছেন তারা। সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি ও আইসিইউ বিভাগ ছাড়া আউটডোরে সকল চিকিৎসা সেবা বন্ধ রেখে আন্দোলন করেছেন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের।
এদিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে প্রাইভেট চেম্বার বন্ধ রাখা আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
অপরদিকে আউটডোরে সকল চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের। ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে আসা দক্ষিণ সুরমার আহমদ আলী বলেন, ‘গ্যাস্টিকের ডাক্তার দেখাতে এসেছি। এখন শুনছি ডাক্তাররা আন্দোলন করছে। এই রোজার মাঝে এত দূর থেকে আইছি। এখন যার যে সময় মনে চায় আন্দোলন করে।’
চিকিৎসা নিতে আসা নগরীর টুকের বাজার এলাকার নাইমা বেগম বলেন, ‘গাইনি সমস্যার জন্য ডাক্তার বলেছিল ১৫ দিন পরে এসে আবার দেখাতে। তাই এসেছিলাম। এখন দেখি আউটডোর বন্ধ।’
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। বিএমডিসি অ্যাক্ট-২০১০ কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় আগামী ১২ মার্চ হওয়ার কথা, তা যাতে বিলম্ব না করা হয়।
তারা আরও বলেন, দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন সকল ডাক্তাররা। তাই আজ চিকিৎসকদের সব ধরনের প্রাইভেট চেম্বার বন্ধ থাকবে। এতে রোগীদের সাময়িক সমস্যা হলেও এই আন্দোলন বাংলাদেশের চিকিৎসাখাতকে সংস্কার করবে।
আন্দোলনকারীরা জানান, এই কর্মসূচির আওতায় ‘একাডেমিক শাটডাউন’ বহাল থাকবে এবং শিক্ষার্থী-ফ্যাকাল্টি মেম্বার, একাডেমিক, প্রশাসনিক হেডসহ (প্রিন্সিপাল ডিরেক্টর) বিক্ষোভে অংশ নেবেন। আন্দোলনের বিশেষ ঘোষণায় ইন্টার্ন, মিড লেভেল চিকিৎসক (সিএ, রেজিস্টার, বেসরকারি এফসিপিএস ট্রেইনি, রেসিডেন্ট, নন রেসিডেন্ট প্রমুখ) চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের সব চিকিৎসক (প্রফেসর পর্যন্ত) কর্মবিরতিতে যাবেন এবং আউটডোর চিকিৎসা সেবা বন্ধ থাকবে। এছাড়াও সব চিকিৎসকের প্রাইভেট চেম্বারও বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়েছে।
শাকিলা ববি/মাহফুজ