বিশ্ব পানি দিবসে সাতক্ষীরার শ্যামনগর সুন্দরবন উপকূলে নিরাপদ পানির দাবিতে খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন করেছে উপকূলবাসী।
শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টায় সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাবি আদায়ের সমর্থনে স্থানীয় শত শত নারী, পুরুষ ও শিশুরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদে- এর সহযোগিতায়, সিডো সাতক্ষীরার আয়োজনে ও উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির বাস্তবায়ন করে।
মানববন্ধনে তারা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, ‘পানি বাণিজ্যিকরণ বন্ধ করো’, ‘আর কতকাল লবণ পানি খেতে হবে?’ সহ বিভিন্ন প্রতিবাদ সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবিগুলো তুলে ধরেন।
ছবি: খবরের কাগজ
এসময় শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক ক্লাইমেট এক্টিভিস্ট এস এম জান্নাতুল নাঈম বলেন, চারিদিকে শুধু পানি আর পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হচ্ছে তাদের।
শরুব ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা হিমাদ্রি রাজ, রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী তনুশ্রী মন্ডল, অর্পিতা মন্ডল, আব্দুস সালাম, রাজীব বৈদ্য প্রমুখ।
সুলতান শাহাজান/মাহফুজ