চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকা থেকে দুটি কাভার্ডভ্যান ভর্তি ২৬ টন চিনিসহ এক চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিনির চালান দুটি যথাস্থানে না পৌঁছিয়ে আত্মসাতের উদ্দেশে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকের ২নং রোড পোর্ট সিটি সংলগ্ন খালপাড়ের সামনে পাকা রাস্তার উপর রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে সেখানে অভিযান চালিয়ে দুটি কাভার্ডভ্যান ভর্তি চিনির চালান জব্দ করা হয়। এসময় একজন চালক পালিয়ে গেলেও অপরজনকে আটক করা হয়। মালামালের প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাকলিয়া থানা পুলিশ জানায়, গত ২৩ মার্চ বিকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন উত্তর রূপসী সিটি সুগার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড নামক মিল হতে ৫২০ বস্তা (২৬ টন) চিনি বোঝাই করে চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প নগরী পেপসি কোলা ফ্যাক্টরীতে পৌঁছানোর নির্দেশনা ছিল। কিন্তু তারা (দুই কাভার্ডভ্যান চালক) ওই মালামাল আত্মসাৎ করার লক্ষ্যে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশ জানতে পেরে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকের ২নং রোড পোর্ট সিটি সংলগ্ন খালপাড়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় কাভার্ডভ্যান (চট্টমেট্রো-ড, ১১-৩৪৩৬) চালক মো. বেলাল (৫৩) এর হেফাজত হতে চিনি বোঝাই কাভার্ডভ্যানটি (১২৯ বস্তা) উদ্ধার করা হয়।
অপরদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট, ২৪-৪৬৫৭) চালক মো. জুয়েল (৩৫) পালিয়ে যায়। কিন্তু এই কাভার্ডভ্যানটিতে ৩৯১ বস্তা চিনি পাওয়া গেছে। চালান দুটি পুলিশ হেফাজতে রয়েছে।
মাহফুজ/