খুলনায় আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সার্কিট হাউজ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকাল আটটায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহম্মদ সালেহ।
জামাতে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে নিহত শহিদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এ ছাড়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন মুসুল্লিরা।
এছাড়া সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন-নুর-জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, খুলনা ইসলামাবাদ ঈদগাহ ময়দান, খালিশপুর ঈদগাহ ময়দান, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদ এবং ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মাকসুদ রহমান/অমিয়/