ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ! কোথায় আমাদের সতর্ক থাকা উচিত? ইসলামী ব্যাংক দখল-বেদখল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট! রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ: এনবিআরের লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ভূমিকম্পে ক্ষতির বড় কারণ শুধু কম্পন নয়, বরং খারাপ মানের ডিজাইন ও নির্মাণ পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি: ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল বাড়ি নির্মাণে ঋতুপর্ণাকে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’ মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’ ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর নামে মামলা, আটক ৩ টেলিমেডিসিনের গুরুত্ব
Nagad desktop

দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ পিএম
দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বোরো ধান কাটার অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: খবরের কাগজ

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে এবছর উৎপাদন ভালো হয়েছে। খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই। আমরা ধান, চাল, গমের মূল্য নির্ধারণ করে দিয়েছি।

সুনামগঞ্জে কৃষকদের সঙ্গে ধান কাটার উৎসবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে দেখার হাওরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের আয়োজনে বোরো ধান কাটার অনুষ্ঠানে যোগ দিয়ে ধান কাটার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি। 

কৃষি উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকেরা কীভাবে লাভবান হবে, তারা যাতে কৃষি কাজের প্রতি আরও আগ্রহ বাড়ে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। বর্তমানে দেশে ৪০ শতাংশ কৃষক। কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। বোরো ধান যাতে কৃষক মধ্যত্বভোগী সুবিধা না নিতে পারে তাই সরকার ধানের দাম নির্ধারণ করে দিয়েছে।

তিনি আরও বলেন, সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে এবার কোনো ঝামেলা হলে ওই বাঁধের ইঞ্জিনিয়ারও শঙ্কায় থাকবে। বাঁধে কোনো সমস্যা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

বোরো ধান কর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডি আইজি মো. মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমেদসহ প্রশাসন ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

দেওয়ান গিয়াস চৌধুরী/মাহফুজ

 

সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ!

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম
সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ!
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকায় ছেলের বাড়ির পাশের একটি ডোবা থেকে মায়ের বস্তাবন্দি মরদেহ টেনে তুলেছে তিনটি পথকুকুর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলে শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা মারিয়া বেগম ওরফে শরিফা (৭৮) একই এলাকার মৃত মোজাহার আলীর স্ত্রী। তিনি গত ২৫ মে, অর্থাৎ ঈদের তিন দিন আগে থেকে নিখোঁজ ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও গ্রামপ্রধান আলামিন জানান, নিহতের চার ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। বড় ছেলেসহ তিন ছেলের বাড়ি পাশাপাশি, আরেক ছেলে কিছু দূরে পৃথক বাড়িতে বসবাস করেন।

প্রায় চার-পাঁচ বছর আগে মারিয়া বেগমের স্বামী মারা যান। এরপর থেকে বড় ছেলে শহিদুল ইসলাম মাকে নিজের বাড়িতে রাখতেন এবং তার সেবাযত্ন করতেন। এতে সন্তুষ্ট হয়ে মারিয়া বেগম একটি সিদ্ধান্ত নেন। শহিদুল আজীবন তার দেখাশোনা করবেন এ শর্তে নিজের নামে থাকা পাঁচ কাঠা জমি তাকে লিখে দেন।

বিষয়টি জানাজানি হলে অপর তিন ছেলে ও এক মেয়ে মায়ের ওপর অভিমান করে তার সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ করে দেন।

তবে কিছুদিন পর শহিদুল মায়ের সেবাযত্নে অবহেলা করতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে মারিয়া বেগম সম্পত্তি ফেরত চান। কিন্তু শহিদুল তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে মারিয়া বেগম বিষয়টি গ্রামপ্রধানদের জানালে তারা শহিদুলকে সতর্ক করেন। এতে তিনি মায়ের ওপর ক্ষুব্ধ হন। এরপর থেকেই তাদের মধ্যে অসন্তোষ চলছিল।

আলামিন জানান, শহিদুলের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঈদের তিন দিন আগে তিনি প্রতিবেশীদের জানান যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে নিখোঁজের কয়েকদিন পেরিয়ে গেলেও তিনি থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেননি। পরে বিষয়টি জানতে পেরে গত ৮ জুন ভাইদের সঙ্গে কথা বলে বোন বাদী হয়ে থানায় একটি জিডি করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, শহিদুলের বাড়ির পাশের ডোবাটিতে ভাসমান কচুরিপানা ছিল। বাতাসে সেগুলো সরে যাওয়ার পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনটি পথকুকুর একটি বস্তা টেনে বাইরে নিয়ে আসে। বস্তাটির মুখ বাঁধা ছিল। সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কামাল/রিফাত/

হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:২৯ পিএম
হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
নিহত কিশোর মো. টিপু। ছবি: খবরের কাগজ

কানে হেডফোন লাগিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের হুইস্‌ল শুনতে না পেয়ে ট্রেনের ধাক্কায় মো. টিপু (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারদোনা গ্রামের শরিফ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. টিপু কক্সবাজার জেলার চাকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে। সে গত কয়েকদিন আগে বারদোনা গ্রামের শরিফ পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা মো. খলিল বলেন, আমি আসরের নামাজ পড়ে বের হয়ে দেখি কক্সবাজারগামী একটি ট্রেন অবিরত হুইস্‌ল বাজিয়ে ছুটে চলছে। তখন দৌড়ে গিয়ে রেললাইনে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, আমার ভাগিনা টিপু কানে হেডফোন দিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে আসা ট্রেনের হুইস্‌ল ও শব্দ শুনতে পায়নি। এ সময় ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা খবরের কাগজকে বলেন, দুর্ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কেউ আমাদেরকে জানায়নি। তবে চট্টগ্রাম থেকে আগত কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস বিকেল সাড়ে ৫টার দিকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করেছিল।

আরিফুল ইসলাম/নাঈম

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পাশাপাশি হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ইস্যুতে শৃঙ্খলা ফেরাতে ছয়টি নির্দেশনা দিয়েছেন আদালত। 

সোমবার (৮ জুন) দুপুরে সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার এ নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তিনি এ নির্দেশনা দেন। তবে বিষয়টি মঙ্গলবার (৯ জুন) জানাজানি হয়েছে। 

চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন চৌধুরী বলেন, নগর পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) ঘটনাটি সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত শেষে সাত কার্যদিবসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

সিএমএমের আদেশে উল্লেখ করা হয়, হাসপাতালের বাইরে থেকে আসা বৈধ অ্যাম্বুলেন্স কিংবা স্বজনদের নিজস্ব গাড়ি দিয়ে রোগী বা লাশ পরিবহনে বাধা দেওয়া হচ্ছে। এ কাজে জড়িত ব্যক্তিরা গাড়িচালকদের হুমকি, মারধর ও হেনস্তাও করছেন। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি বাধা দেওয়াসহ বিভিন্ন ধারায় এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করার ব্যবস্থা নিতে হবে। এজন্য তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়ার কথাও বলা হয়েছে।

পাশাপাশি চমেক হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে সমন্বিতভাবে এমন পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে রোগী ও মৃত ব্যক্তির স্বজনেরা নিজেদের পছন্দমতো অ্যাম্বুলেন্স, ফ্রিজিং ভ্যান বা অন্য কোনো যানবাহন ব্যবহার করে পরিবহনসেবা নিতে পারেন। কোনো বৈধ গাড়ির প্রবেশে বাধা দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এদিকে একইদিন পৃথক আরেকটি আদেশে চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, লাশ নিয়েও ব্যবসা, সাধারণ মানুষকে জিম্মি ও অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে ছয় দফা নির্দেশনা দিয়েছেন একই ম্যাজিস্ট্রেট। 

চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, প্রকাশিত সংবাদ ও ভিডিওচিত্রে চমেক হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গকেন্দ্রিক একটি চক্রের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা, ভয়ভীতি প্রদর্শন, হামলা এবং অবৈধভাবে সাইরেন ও নীল বাতি ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠে এসেছে। এসব কর্মকাণ্ড দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে পর্যবেক্ষণ দেন আদালত। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সিন্ডিকেটের মূল হোতা, চাঁদাবাজ, হামলাকারী ও ভুয়া অ্যাম্বুলেন্সের মালিকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করতে হবে। হাসপাতাল চত্বরে বাইরের কোনো বৈধ অ্যাম্বুলেন্স বা স্বজনদের নিজস্ব গাড়ি প্রবেশে বাধা দেওয়া যাবে না। 

হাসপাতালের জরুরি বিভাগ, মর্গ, বহির্বিভাগ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ গ্রহণে অভিযোগ কেন্দ্র বা হেল্পলাইন চালুরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জননিরাপত্তা ও চাঁদাবাজি প্রতিরোধে হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গ এলাকায় স্থায়ী পুলিশি নিরাপত্তা চৌকি স্থাপনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য বলা হয়েছে।

এসএন/

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৭:০০ পিএম
ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কালীগঞ্জে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর প্রায় ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিয়ামত কামালহাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাচা নিয়ামত ও তার ভাতিজার মধ্যে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত হন নিয়ামত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।’ এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

মাহফুজুর রহমান/রিফাত/

প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রতিকূলতা পেরিয়ে আবারও পুলিশি জীবনে ফিরেছিলেন উপ-পরিদর্শক (এসআই) জীবন রহমান। মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে দায়িত্ব পালনের নতুন স্বপ্নে বিভোর ছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রশিক্ষণ মাঠেই আকস্মিক মৃত্যু হয়েছে তার।

সোমবার (৮ জুন) বিকেলে পুলিশ একাডেমির মৌলিক প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের নির্ধারিত কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। 

নিহত জীবন রহমান (৪৫) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্ধা।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে অন্যান্য প্রশিক্ষণার্থীদের সঙ্গে দৌড়াচ্ছিলেন জীবন রহমান। একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করে মাঠে বসে পড়েন। অবস্থার অবনতি হলে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব নয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করলেও বিভিন্ন কারণে জীবন রহমানের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। পরে চাকরিচ্যুত হওয়ার পর সম্প্রতি পুনর্বহাল হয়ে তিনি আবার প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পান। নতুন উদ্যমে কর্মজীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

জীবন রহমানের আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সংগ্রামের পর পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করার যে স্বপ্ন তিনি লালন করেছিলেন, তা অপূর্ণ রেখেই বিদায় নিতে হলো তাকে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিফাত/