মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় আসাদুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে আসাদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা হাতেম আলী সর্দার ।
এর আগে সোমবার (২১ এপ্রিল) মালেশিয়া সময় বেলা সাড়ে ১১টা এবং বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার সুবাং জয়া শহরের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক হাতেম আলী সর্দারের ছেলে।
নিহতের বাবা হাতেম আলী সর্দার বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় এবং পরিবারকে সুখে রাখতে আসাদুল ৮ বছর আগে মালয়েশিয়ায় প্রবাস জীবনের শুরু করেন। সেখানে আসাদুল (কনস্ট্রাশন) নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সকালে সুবাং জয়া শহরে একটি নির্মাণাধীন ভবনে একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গেলে ক্রেনের খিল খুলে একটি লোহার অংশ তার মাথার ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম। ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বলেন, প্রবাসে কেউ মারা গেলে বা তার মরদেহ ফেরত আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই পরিবারকে সহযোগিতা করা হয়। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ এলে নিহত আসাদুলের পরিবারকে যতটুকু সম্ভব সাহায্য করব।
নজরুল/মেহেদী/