যশোরে আলাদা ঘটনায় বিদ্যুতায়িত হয়ে বাপ্পি বিশ্বাস (২৭) ও বেল্লাল হোসেন (৩০) নামে দুজনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজমিস্ত্রী বাপ্পি বিশ্বাস মারা যান। একই দিনে যশোরের মনিরামপুর উপজেলার খাকুন্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বেল্লাল হোসেন (৩০)।
নিহত বাপ্পি বিশ্বাস যশোর সদর উপজেলার দলেননগর গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে।
তার চাচাতো ভাই আশরাফুল ইসলাম বিশ্বাস জানান, শনিবার (২৬ এপ্রিল) নিজ গ্রামের আলোকের বাড়িতে কাজ করার সময় ছাদের ওপর বাঁশ কাটছিলেন। এ সময় একটি বাঁশ বিদ্যুতের তারের ওপর পড়ে গেলে বাপ্পি বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে কংক্রিটের মেঝেতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বলেন, ছাদ থেকে পড়ে গুরুতর আঘাতের কারণেই বাপ্পি বিশ্বাসের মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ধান ঝাড়ার সময় বিদ্যুৎতায়িত হয়ে মারা যান বেল্লাল হোসেন। তিনি ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তুহিন/মেহেদী/